সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের কঠিন শাস্তি দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংখ্যালঘুদের ওপর যেসব স্থানে হামলা হচ্ছে, সেসব এলাকায় ব্যাপক অভিযান চালানো হবে। যারা এসবের সঙ্গে জড়িত, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।
গতকাল মঙ্গলবার রাতে গণভবনে ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। বিএনপি ২০০১ সালে প্রতিহিংসার রাজনীতি করেছে। সাধারণ মানুষসহ আওয়ামী লীগ ও সংখ্যালঘুদের ওপর হামলা করেছে। এখনো তাদের অভ্যাস বদলায়নি।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, সহিংসতা চালিয়ে নির্বাচন ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এখন চুপ থাকেন। কোনো কিছুই ঠেকাতে পারবেন না।...মানুষকে যন্ত্রণা দেবেন না। নির্বাচনই যখন আটকাতে পারেননি, তখন আর কিছুই আটকাতে পারবেন না।
আলোচনার দরজা খোলা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসনকে আবারও জামায়াতে ইসলামী আর যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ার পরামর্শ দেন। তিনি বলেন, ‘জামায়াত আর যুদ্ধাপরাধীদের সঙ্গ ছেড়ে এলে আলোচনা করে আগামী দিনে কীভাবে চলা যায়, সেটা আমরা দেখব।’
সুশীল সমাজ ও বুদ্ধিজীবীদের কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘কিছু কিছু লোক গণতন্ত্র চাইবে না, এটা আমরা জানি। ...কেউ কেউ ভাবে, অগণতান্ত্রিক কেউ আসলে তাদের গাড়িতে পতাকা উড়বে। তাদের ফাইভ স্টার হোটেলে বসে মিটিং করে বাংলাদেশের সর্বনাশা চিন্তা ছাড়া উচিত। ওসব জায়গায় মিটিংয়ের খবর আমাদের কাছে আছে। তাই একটু সচেতন থাকা ভালো।’
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখতে গণমাধ্যমের কাজ করা উচিত। অবশ্য অগণতান্ত্রিক সরকার এলেই কিছু কিছু মিডিয়ার কদর বাড়ে। তিনি বলেন, প্রাইভেট চ্যানেলগুলো আওয়ামী লীগ সরকারই দিয়েছে। এর আগে বাংলাদেশে কেউ প্রাইভেট চ্যানেল দেওয়ার সাহস করেনি। এর ফলে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, মিডিয়ার অনেক কাজ সন্ত্রাসে সহায়তা করেছে। তারা আগুনের ছবি দেখিয়েছে। একই সঙ্গে মিডিয়াকে ধন্যবাদও জানান তিনি। শেখ হাসিনা বলেন, সবারই দেশের প্রতি দায়িত্ব আছে। একটু দৃষ্টি দিতে হবে, যাতে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়।
বৈঠকে আওয়ামী লীগ ও ১৪ দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।