বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে আলোচনায় তিনি এ ব্যাপারে সহযোগিতা চান। মাহমুদ আলী গত বুধবার নয়াদিল্লিতে সুষমা স্বরাজের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার প্রসঙ্গ টেনে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। সুষমা স্বরাজকে আশ্বস্ত করে মাহমুদ আলী বলেন, বাংলাদেশে উগ্রপন্থীদের তৎপরতা দমনের গুরুত্বের ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও উদার বৈশিষ্ট্য সুরক্ষার জন্য সরকারের অঙ্গীকারের কথাও তিনি উল্লেখ করেন।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা গত বছরের জুনে নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনা করেন।
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে সুষমা স্বরাজ পঞ্চগড়ে মঠপ্রধান যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডে তাঁর উদ্বেগের কথা জানান।