সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ধর্মীয় ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান এই দপ্তরের মুখপাত্র জন কারবি।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে একের পর এক হিন্দু, খ্রিষ্টান, এলজিবিটিসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ কোনো ধরনের সহায়তা চেয়েছে কি না বা দুই দেশের মধ্যে কোনো ধরনের কার্যক্রম চলছে কি না?
জবাবে মুখপাত্র জন কারবি বলেন, ‘এসব সহিংসতার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ নিয়ে খুবই অস্বস্তিকর অবস্থায় আছি আমরা। দৃশ্যত এসব হামলা সন্ত্রাসীদের একটি ছোট গোষ্ঠী চালাচ্ছে। তারা স্বাধীন চিন্তাধারার কণ্ঠ রোধ করতে চায়। তাদের চিন্তাধারার সঙ্গে যে কেউ দ্বিমত পোষণ করলে তাঁর ওপর তারা হামলা চালাতে চায়।’
জন কারবি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে আত্মবিশ্বাসী যে এসব হামলা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশির মতামত বা দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্বকারী নয়। তাঁরা এসব প্রত্যাখ্যান করেন। বাংলাদেশ এমন একটি দেশ, যা বহুত্ববাদী সমাজের গর্বিত ঐতিহ্যের অধিকারী। বৈচিত্র্য, মতামত, ভাবনার বিনিময়কে এ সমাজ মূল্য দেয়। কার্যত এ মূল্যবোধকেই নিশানা করছে উগ্র চরমপন্থীরা।’