সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত ও বিচার চাইল টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলা, অগ্নিসংযোগ এবং নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ধরনের হামলা বন্ধে অবিলম্বে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের ঘটনা স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম, জাতি-নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে এ ধরনের আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইফতেখারুজ্জামান আরও বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিক ও ক্ষমতাবানদের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ করা হয়েছিল। একইভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে ভয় দেখানো এবং অসুস্থ ও ধ্বংসাত্মক রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের আক্রমণ কোনোভাবেই কাম্য নয়।

এখনই আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা না নিলে ঘটনা আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ইফতেখারুজ্জামান।

ইফতেখারুজ্জামান বলেন, ‘ঘটনাগুলো উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত হওয়ায় আমরা আরও বেশি উদ্বিগ্ন। এ হামলা শুধু সংখ্যালঘুদের ওপরই নয়; স্বাধীন বাংলাদেশের চেতনা, বিশেষ করে ধর্মীয় সহাবস্থান ও সম-অধিকারের মূল্যবোধ এবং ঐতিহ্যের ওপর অমার্জনীয় আঘাত।’