গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এবং ধর্মীয় উপাসনালয়ে সংঘটিত বর্বরোচিত হামলা, অগ্নিসংযোগ ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ধরনের হামলা বন্ধে প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ, ঘটনার তদন্ত এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে ওই সংস্থাটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রাম, লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের মাঝিপাড়া গ্রাম, কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলা, খাগড়াছড়ির মহালছড়ি, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভাটদী বাজার এবং রাজশাহী মহানগরসহ কয়েকটি স্থানে হামলার ঘটনাগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক। প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সর্বোপরি রাজনৈতিকভাবে এখনই পদক্ষেপ গ্রহণ না করলে এ ঘটনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এবং তাদের ধর্মীয় স্থাপনায় আক্রমণের এজাতীয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা, তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্ম-জাতিনির্বিশেষে সব নাগরিকের সম-অধিকারে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশে এজাতীয় আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে ভয়ভীতি প্রদর্শন এবং অসুস্থ ও ধ্বংসাত্মক রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের আক্রমণ হচ্ছে।’ বিজ্ঞপ্তি।