সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দা বিভিন্ন সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু, তাদের বাড়িঘর, ধর্মীয় উপাসনালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, মানবাধিকার ও সামাজিক সংগঠন। তারা সংখ্যালঘুদের পূর্ণ নিরাপত্তা ও হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। গতকাল মঙ্গলবার আলাদা বিবৃতি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা জানানো হয়।

৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর, যশোর, সাতক্ষীরা, চট্টগ্রাম, ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গণতান্ত্রিক আন্দোলনের ছদ্মাবরণে বিএনপি-জামায়াত গণতন্ত্রবিরোধী শক্তি দেশে এক নৈরাজ্যকর অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। তারা হরতাল, অবরোধের নামে জনগণকে জিম্মি করে তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। তিনি যেকোনো ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রগতিশীল শক্তিকে সতর্ক ও প্রতিরোধের আহ্বান জানান।

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভয়-ভীতি প্রদর্শনের বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে বিশেষভাবে অনুরোধ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে বলা হয়েছে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের নেতারা এক বিবৃতিতে সংখ্যালঘুদের ওপর জামায়াত-বিএনপির সন্ত্রাসীরা যে নৃশংস হামলা চালাচ্ছে, তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তাঁরা বলেছেন, জনগণের জীবন-জীবিকা নিরাপদ রাখতে হলে, আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আইন করে হরতাল-অবরোধের নামে সন্ত্রাস বন্ধ করতে হবে এবং জামায়াত-শিবিরের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।  বিবৃতিতে সই করেন শিল্পী কাইয়ুম চৌধুরী, বিচারপতি সৈয়দ আমীরুল ইসলাম, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, অজয় রায়, হাসান আজিজুল হক, আবু ওসমান চৌধুরী, নূরুননবী, শাহরিয়ার কবির, মুনতাসীর মামুন প্রমুখ।

ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনকেন্দ্রিক সহিংসতার সুযোগে দৃশ্যত পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ও তাদের ধর্মীয় স্থাপনায় আক্রমণের যে ঘটনা ঘটেছে, তা মানবাধিকার লঙ্ঘনের নিকৃষ্টতম উদাহরণ। বাংলাদেশে এ জাতীয় আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কয়েকজন নেতা গতকাল দিনাজপুর ও যশোরের অভয়নগরে হামলা শিকার হয়েছে এমন এলাকা পরিদর্শন করেন। তাঁরা সংখ্যালঘু মানুষের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন), জাতীয় হিন্দু মৈত্রী পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, বাসদ ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।