সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ
নির্বাচনপূর্ব ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদে ময়মনসিংহ, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেট ও মৌলভীবাজারে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গতকাল বুধবার এসব কর্মসূচি পালন করে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ময়মনসিংহ: শহরের শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে সকালে বাংলাদেশ মহিলা পরিষদ, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠীর ময়মনসিংহ শাখার উদ্যোগে মানববন্ধন হয়। বক্তারা বলেন, মুখে সব পক্ষই মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। কিন্তু নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে যেভাবে হামলা হচ্ছে তার বিরুদ্ধে সবাই মিলে রুখে না দাঁড়ালে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন কখনোই হবে না। বক্তারা দেশে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি জানান।
সুনামগঞ্জ: বিকেলে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজারে ‘নাগরিক কমিটি’র ব্যানারে প্রতিবাদ সমাবেশ হয়। বক্তারা অভিযোগ করেন, ভোটের দিন সন্ধ্যায় ক্ষমতাসীন দলের লোকদের হামলায় সদর ইউয়িন পরিষদের দুবারের নির্বাচিত সদস্য রবীন্দ্র কুমার দাসসহ কয়েকজন আহত হন। এতে স্থানীয় সংখ্যলঘুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একইভাবে সারা দেশে হামলার শিকার হচ্ছেন তাঁরা। এসব হামলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
সিলেট: বেলা সাড়ে তিনটায় নগরের চৌহাট্টা এলাকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন হয়। তরুণ-তরুণীদের অংশগ্রহণে এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন সিলেটের বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিশিষ্টজনেরা। এতে বক্তব্য দেন কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, মুক্তিযোদ্ধা তুষার কর, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, আইনজীবী সৈয়দ মনির হেলাল, উদীচীর রতন দেব, গণজাগরণ মঞ্চের সিলেট মুখপাত্র দেবাশীষ দেবু, ছাত্রনেতা প্রণবজ্যোতি পাল ও দীপংকর দাশ গুপ্ত। এর আগে বেলা আড়াইটায় একই দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখা নগরে আরেকটি সমাবেশ ও মিছিল করে। নগরের কোর্ট পয়েন্টে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রণবজ্যোতি পাল।
মৌলভীবাজার: শহরের চৌমোহনা চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা শাখা গতকাল বিকেলে প্রতিবাদ সভা ও মিছিল করেছে। বক্তারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান।