সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল শুক্রবার বরিশাল, যশোর, রাজবাড়ী, পটুয়াখালী, গোপালগঞ্জ ও মাগুরায় মানববন্ধন, সমাবেশ ও মিছিল হয়েছে। মানববন্ধন ও সমাবেশ থেকে অবিলম্বে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: উদীচী বরিশালের শিল্পী-কর্মীরা বিকেল চারটার দিকে অশ্বিনী কুমার হল চত্বরে প্রতিবাদী সংগীত পরিবেশন করেন। এরপর বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বের করেন।
উদীচী বরিশালের সভাপতি বিশ্বনাথ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, সুজনের জেলা সভাপতি আক্কাস হোসেনসহ নজরুল ইসলাম, মিজানুর রহমান, শান্তি দাস, হিরণ কুমার দাস, পাপিয়া জেসমিন, কাজী সেলিনা প্রমুখ।
যশোর: অভয়নগর উপজেলার চাঁপাতলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সকালে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের উদ্যোগে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
রাজবাড়ী: শহরের শহীদ মুক্তিযোদ্ধা সঞ্চৃতি চত্বরে সকাল ১০টার দিকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে সমিঞ্চলিত সাংস্কৃতিক জোট, মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, গণজাগরণ মঞ্চ, উদীচী শিল্পীগোষ্ঠী, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটিসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। বেলা সোয়া ১১টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্র ইউনিয়ন।
পটুয়াখালী: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পটুয়াখালী শাখার উদ্যোগে বিকেলে শহরের নতুন বাজার আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে কালো পতাকা নিয়ে মিছিল বের হয়। পরে পুরাতন বাজার আখড়া বুড়ি মন্দির প্রাঙ্গণে সমাবেশে বক্তব্য দেন তারক চন্দ্র পোদ্দার ও অতুল চন্দ্র দাস, কমল দত্ত, কাজল বরণ দাস।
গোপালগঞ্জ: ‘কোটালীপাড়াবাসী’র উদ্যোগে বেলা দুইটার দিকে উপজেলার ভাঙ্গারহাট বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।
মাগুরা: উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বিকেল চারটার দিকে শহরের ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন বাসুদেব কুণ্ডু, পরেশ কান্তি সাহা, কবি মিয়া ওয়াহিদ কামাল, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ।