সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের অন্যান্য এলাকায় সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদ এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল বুধবার নারায়ণগঞ্জে মানববন্ধন করা হয়। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করেন।
বিকেলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট নগরীর বঙ্গবন্ধু সড়কে প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করে। জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদ সমন্বয়ক নিখিল দাস, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, প্রশাসন ও সরকারি দলের উসকানিতে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলা চালানো হয়েছে। সমাজের মানুষের মূল্যবোধ প্রতিষ্ঠিত না হলে সরকারের উন্নয়ন মূল্যহীন হয়ে পড়বে।
বেলা তিনটার দিকে ‘সচেতন’ শিক্ষার্থীদের ব্যানারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে মানববন্ধন করা হয়।
কর্মসূচি চলাকালে সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি রবিন কর্মকার বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা নতুন কিছু নয়। এর আগে রামু, অভয়নগর, হাটহাজারীতে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ঘটনার বিচার না হওয়ায় নতুন নতুন হামলার ঘটনা ঘটছে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক জয়ন্ত কৃষ্ণ, কর্মসূচির আহ্বায়ক পল্লব ঘোষ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা এ সময় স্বতন্ত্র দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।
মানববন্ধন শেষে বেলা সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় মাথায় কালো কাপড় বেঁধে ও রাস্তায় প্রতীকী লাশ রেখে হামলার প্রতিবাদ জানান তাঁরা। বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়া থানার পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।