সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গতকাল বুধবার নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে অবিলম্বে নির্যাতনকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নারায়ণগঞ্জ: জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বেলা দুপুর একটার দিকে নগরের বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন করা হয়। এ সময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ বলেন, ‘জামায়াত-শিবির জান্তব আক্রোশে সারা দেশের হিন্দু সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছে।’ এ সময় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাফিজ আশরাফ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন, রোটারিয়ান দিলীপ ধর প্রমুখ।
মানিকগঞ্জ: বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে শহীদ রফিক সড়কে জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় জেলা শাখার আহ্বায়ক বাসুদেব সাহার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সভাপতি আজাহারুল ইসলাম, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) জেলা শাখার সভাপতি গুরু দাশ রাজবংশী, হিন্দু মহাজোটের জেলা শাখার সদস্যসচিব তাপস রাজবংশী, সদস্য রতিশ নাগ ও রঘু রায়।
বক্তারা বলেন, সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে। কিন্তু এ ক্ষেত্রে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গড়িমসি করা হয়েছে। নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।
গাজীপুর: বিকেলে নগরের রাজবাড়ি রোডে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেন আইনজীবীরা। এ সময় জেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি সুদীপ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আইনজীবী ওয়াজ উদ্দিন মিয়া, সুসিঞ্চতা সরকার ও লিটন সরকার।
বক্তারা অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। পরে রাজবাড়ি রোডে মৌন মিছিল করেন আইনজীবীরা।