সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে গতকাল রোববার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আঞ্চলিক দল ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকা থেকে ইউপিডিএফ বিক্ষোভ মিছিল বের করে। পরে চেঙ্গী স্কয়ারে এসে সমাবেশে মিলিত হন মিছিলকারীরা।
ইউপিডিএফের সংগঠক দেবদন্ত ত্রিপুরার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সদস্য অংগ্য মারমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি নিরূপা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি থুইক্য সিং মারমা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। দশম সংসদ নির্বাচনের আগে ও পরে জাতিগত ও ভাষাগত সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, বাড়িঘর-মন্দিরে অগ্নিসংযোগ করা হয়েছে, তার হোতাদের গ্রেপ্তার করতে সরকার ব্যর্থ হয়েছে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।