সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের যথোপযুক্ত শাস্তির দাবিতে মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ শহরে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্যাপন পরিষদ।
দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ শহরের শ্রীশ্রী কালীবাড়ী মন্দির থেকে সংগঠন দুটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে এখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার সভাপতি অসীম কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সংগঠনটির সাবেক সভাপতি দীপক কুমার ঘোষ, কেন্দ্রীয় সদস্য লক্ষ্মী চ্যার্টাজি, সহসভাপতি আশুতোষ রায়, সদস্যসচিব রতন দত্ত এবং ঐক্য পরিষদের জেলা শাখার আহ্বায়ক বাবুল চৌধুরী এবং হরিরামপুর উপজেলা শাখার সভাপতি হরিপদ সূত্রধর। বক্তারা দশম জাতীয় সংসদ নির্বাচনের পর হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন করার দাবি জানান।
বিকেল চারটায় মুন্সিগঞ্জ শহরের জয়কালী মন্দির থেকে ঐক্য পরিষদের উদ্যোগে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে সুপারমার্কেট চত্বরের মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় এক প্রতিবাদ সভায় বক্তৃতা করেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অজয় চক্রবর্তী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক সমর ঘোষ, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জামাল হোসেন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম কাদের প্রমুখ।