সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে সমাবেশ ও মশাল মিছিল করেছে লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন পেশার মানুষ। 

আজ শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে লেখক-শিল্পী--সংস্কৃতিকর্মী ও সর্বস্তরের নাগরিকবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘরে হামলা, আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানান। তাঁরা প্রশাসনের নীরবতা এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হকের কঠোর সমালোচনা করেন।
সমাবেশে নারীনেত্রী খুশী কবির বলেন, সরকারের দায়িত্ব দেশের সকল মানুষের নিরাপত্তা দেওয়া। কিন্তু নাসিরনগরে সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। পুলিশ প্রশাসন তাদের কাজ সঠিকভাবে পালন করছে না বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি হামলা করছে। এই শক্তির কাছে হার মানা যাবে না।
তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, এ দেশ শুধু মুসলমানদের নয়, শুধু বাঙালির নয়, এ দেশ সবার। এ দেশ বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যই এ দেশের শক্তি। তিনি বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা হলে তাতে ভারতে মুসলমানদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
নাসিরনগরের ঘটনায় তদন্ত কমিটির গঠন নিয়ে আনু মুহাম্মদ বলেন, এমন কমিটি রামুতে বৌদ্ধ মন্দিরে হামলার পরও গঠন করা হয়েছিল। সেই কমিটির রিপোর্ট আজও প্রকাশিত হয়নি। এই কমিটির রিপোর্টও আগের রিপোর্টের মতো হারিয়ে যাবে।
এ সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা আবদুল্লাহ আল কাফি, সংগীত শিল্পী কফিল আহমেদ, যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরউল্লাহ চৌধুরী, সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন ও মোসাইদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি মশাল মিছিল শাহবাগ থেকে রূপসী বাংলা হোটেলের সামনের মোড় ঘুরে আবার শাহবাগে ফিরে আসে। প্রদক্ষিণ করে।