সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে গতকাল বুধবার বান্দরবানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সনাতনি সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা অবিলম্বে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন বন্ধ ও নির্বাচনের পর হামলার শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দাবি জানিয়েছে।
বিকেল চারটায় স্থানীয় প্রেসক্লাব চত্বরে শত শত হিন্দু ধর্মাবলম্বী মানববন্ধনে অংশ নেন। সেখানে তাঁদের সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীরাও যোগ দেন। শুধাংশু বিমল চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আলাউদ্দিন ইমামি, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মুজিবর রহমান, কেন্দ্রীয় দুর্গামন্দির কমিটির সভাপতি লক্ষ্মীপদ দাশ, সাংবাদিক এ কে এম জাহাঙ্গীর ও পৌর কাউন্সিলর শেখর দাশ। বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার জন্য দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে। তারা হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসছে।