সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
দেশব্যাপী সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে কক্সবাজারের রামু উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে রামু চৌমুহনী চত্বরে ‘সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ’-এর উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এতে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
রামু সর্বজনীন কেন্দ্রীয় কালীমন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল, ন্যাপের জেলা কমিটির সাধারণ সম্পাদক শামীম আহসান, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, কক্সবাজার সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক দুলাল চন্দ্র পাল, রামু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুনীল বড়ুয়া প্রমুখ। পরিতোষ চক্রবর্তী বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করছে, তারা দেশ ও জাতির শত্রু। এদের গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।