সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মিছিল মানববন্ধন
দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘু ও তাঁদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মিছিল-মানববন্ধন হয়েছে।
বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। এ সময় সংগঠনের সভাপতি প্রদীপ ঘোষের সভাপতিত্বে বক্তব্য দেন রফিউর রাব্বি, সিপিবি জেলার সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক প্রমুখ। বিকেলে নারায়ণগঞ্জ শহরের ২ নম্বর রেলগেট এলাকায় সমাবেশ করেন বাসদের নেতা-কর্মীরা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে ‘সর্বস্তরের সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ে মিছিল বের করেন শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি অমর একুশের পাদদেশে যাওয়ার পর সেখানে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক নাসিম আখতার হোসাইন, ছাত্রলীগ ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।