সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মিছিল-সমাবেশ
সারা দেশে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও সনাতন যুব পরিষদের ব্যানারে শহরের শৈল বিপণিবিতানের সামনে আয়োজিত সমাবেশে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন বন্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়।
বক্তারা বলেন, এ হামলা যেন একাত্তরের প্রতিচ্ছবি। সংখ্যালঘুদের এ দেশ থেকে বিতাড়িত করতে এসব হামলা চালানো হচ্ছে। দেশে জঙ্গিবাদ দমনে সকল দল ও সর্বস্তরের প্রগতিশীল মানুষের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, জঙ্গিবাদের উত্থান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা পরিপন্থী।
বক্তারা বলেন, প্রায় প্রতিটি নির্বাচনে সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতন হয়, তা সরকার এবং প্রশাসনেরও জানা। তার পরও কেন আগাম নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় না তার জবাব সরকারকে দিতে হবে।
সনাতন যুব পরিষদের সভাপতি জগন্নাথ ভদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য, ভেদভেদি রক্ষাকালীবাড়ির প্রতিনিধি পরেশ মজুমদার, সনাতন যুব পরিষদের সাংগঠনিক সম্পাদক জুয়েল দে, সাংবাদিক ফজলে এলাহী, স্বেচ্ছাসেবক লীগ নেতা সঞ্চৃতি বিকাশ ত্রিপুরা প্রমুখ।