সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া ও লালমনিরহাটে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার রাজধানীতে একাধিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে কয়েকটি মানবাধিকার ও নাগরিক সংগঠন।
সাঁথিয়া উপজেলার বনগ্রাম ও লালমনিরহাটের মাঝিপাড়া এলাকায় মন্দিরসহ হিন্দুসম্প্রদায়ের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা শুরু হয়েছে। একের পর এক হামলা চালিয়ে দেশত্যাগের নীলনকশাও করছে একটি গোষ্ঠী। কিন্তু প্রশাসন সংখ্যালঘুদের নিরাপত্তায় কোনো পদক্ষেপ নিয়ে এগিয়ে আসছে না। সাঁথিয়ার ঘটনা রামুর ঘটনাকেও হার মানিয়েছে। তাঁরা এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।
ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ প্রমুখ বক্তব্য দেন।
জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ। সমাবেশে বলা হয়, গত ১০ দিনে পাঁচটি জেলার বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের কয়েক শ বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। নোয়াখালীতে একজনকে হত্যা করা হয়েছে বলেও সমাবেশে অভিযোগ করা হয়। নির্মল কুমার চ্যাটার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উইলিয়াম প্রলয় সমাদ্দার, রমেন মণ্ডল প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।
ওই হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল সংগঠনের নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতিশীল আচরণের পাশাপাশি সাহায্যের আহ্বান জানানো হয়।