সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ
দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠন গতকাল বুধবার মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে বক্তারা এসব হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গতকাল বিকেলে নগরের সিনেমা প্যালেস মোড়ে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও সহযোগী সংগঠন।
সিপিবি, চট্টগ্রাম জেলা আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে হামলাকারী এবং ঘরবাড়িতে অগ্নিসংযোগকারী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে।
বক্তারা বলেন, একাত্তরের মতো ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালানো হচ্ছে। তাঁরা বলেন, নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতা রোধে সরকার ব্যর্থ হয়েছে। বক্তারা বিভিন্ন স্থানে হামলা বন্ধ এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সিপিবি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাহ আলম, মো. মছিউদ্দোলা ও কানাই লাল দাশ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
একই দাবিতে সাম্প্রদায়িক সম্প্রীতি পরিষদ নগরের প্রেসক্লাব চত্বরে বিকেলে সমাবেশ করে।
সমাবেশে শহীদজায়া বেগম মুশতারি শফী বলেন, সাম্প্রদায়িক হামলাকারীদের একাত্তরের মতো প্রতিরোধ করতে হবে।
সকালে প্রেসক্লাব মিলনায়তনে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিইউজের সভাপতি শহীদুল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার।