সংখ্যালঘুদের ওপর হামলায় যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগ
লালমনিরহাট ও পাবনা জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ জানিয়েছে। ওই সব সহিংসতার ঘটনায় জড়িত এবং হামলায় উসকানিদাতাদের শাস্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘লালমনিরহাট ও পাবনা জেলায় হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ওই সব ঘটনার সঙ্গে জড়িতদের সংখ্যালঘুদের অধিকারের অপব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানাই।’
যুক্তরাষ্ট্রের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সব পক্ষকে অবিলম্বে এ ধরনের ঘটনা রোধ করতে ও দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানাই। যারা এসব সহিংসতার উসকানি দিয়েছে ও এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’