সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাহাত্তরের সংবিধানের আলোকে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সম-অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সংখ্যালঘুদের জন্য করতে হবে আলাদা মন্ত্রণালয়। সব সাম্প্রদায়িক হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে।
রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ-বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি দেবাশীষ পালিত সনাতন ধর্মাবলম্বীদের বেদখল হওয়া ও দেবোত্তর সম্পত্তি উদ্ধারে আইন প্রণয়ন, দুর্গাপূজায় চার দিনের সরকারি ছুটি ঘোষণা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশন করা, অর্পিত সম্পত্তি সংশোধনী আইন বাস্তবায়নসহ ১১টি দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ধর্মের প্রতি অবমাননা করে পৃথিবীর কোথাও সুস্থ ও স্থায়ী পরিবেশ সৃষ্টি হতে পারে না। তিনি আরও বলেন, ‘আমাদের দাবি বাহাত্তরের সংবিধান বাস্তবায়ন হোক এবং এর আলোকে আমাদের নিরাপত্তা ও সম-অধিকার প্রতিষ্ঠা করা হোক।’