মঠ, মন্দির ও উপাসনালয়ের সেবায়েত, পুরোহিত, ধর্মগুরুসহ সমাজের নিরপরাধ মানুষের ঘাতকদের বিরুদ্ধে জাতিধর্মবর্ণ–নির্বিশেষে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ। সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণ ও নিরাপত্তা বিধানের জন্য পৃথক মন্ত্রণালয় ও সংখ্যালঘু কমিশন গঠনেরও দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রতি গুপ্তহত্যার প্রতিবাদে মানববন্ধনে সংগঠনটির নেতারা এসব দাবি জানান।
মানববন্ধনে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘কিছু সন্ত্রাসী, হঠকারী ও নীতিভ্রষ্ট ব্যক্তি নিরীহ মানুষের ওপর হামলা চালিয়ে যাচ্ছে, নৃশংসভাবে হত্যা করছে। শুধু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে তা নয়; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপাসনালয়ের পুরোহিতকেও হত্যা করছে। আমরা সবাই এই হত্যাকাণ্ডকে ঘৃণা করি, এর প্রতিবাদ জানাই।’
জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উপদেষ্টা ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত বলেন, ‘এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার হয়েছে। আমরা কী অপরাধ করেছি?’
সমাবেশে আরও বক্তব্য দেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সহসভাপতি সহদেব বৈদ্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অরুণ সরকার, ইসকনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র ব্রহ্মচারী প্রমুখ।