সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি সংরক্ষিত আসন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘুদের যথাযথ ক্ষমতায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসনের দাবি জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। চলমান রাজনৈতিক পরিস্থতিতে উদ্বিগ্ন হয়ে পরিষদের পক্ষ থেকে আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডাকা এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত। এতে বলা হয়, আগামী নির্বাচনের ছয় মাস আগে থেকে নির্বাচনে পূর্বাপর পরিস্থিতি নিয়ে সংখ্যালঘুদের মনে উদ্বেগ-উত্কণ্ঠার সৃষ্টি হয়েছে। ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্ত ও শাস্তি প্রদানে সাহাবুদ্দিন কমিশনের দেওয়া প্রতিবেদন বাস্তবায়নে বর্তমান সরকার কোনো পদক্ষেপ নেয়নি। ২০১১ সালে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়েছে অভিযোগে বিভিন্ন জেলায় শিক্ষকদের ওপর হামলা ও নিপীড়ন চালানো হয়েছিল, এর বিরুদ্ধেও সরকারকে ব্যবস্থা নিতে দেখা যায়নি।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২০১২ সালে প্রশাসনের নাকের ডগায় চট্টগ্রাম মহানগর ও হাটহাজারী, সাতক্ষীরা, দিনাজপুরের চিরিরবন্দরে, রাঙামাটি ও কক্সবাজারের উখিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছিল। কোথাও কোথাও পুলিশ প্রশাসন এসব ঘটনায় উসকানি দিয়েছে। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ বা মঠ-মন্দির নির্মাণে সরকার কিছুটা উদ্যোগী হলেও হামলাকারীদের বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর সংখ্যালঘুদের ওপর অবর্ণনীয় হামলা, হুমকি, লুটতরাজ বন্ধ হয়নি। পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতার যে যথেষ্ট ব্যবহার হয়েছে, এর ফলে সংখ্যালঘু মানুষের মনে শঙ্কা তৈরি হয়েছে। সংখ্যালঘুদের এই হতাশা নিরসনে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করেছে পরিষদ।

পরিষদের পক্ষ থেকে নির্বাচনে ধর্ম ও সাম্প্রদায়িকতা ব্যবহার না করতে এবং সংখ্যালঘুদের নির্বিঘ্নে ভোট প্রদান নিশ্চিত করতে সব রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়। সংবিধানে সংখ্যালঘু রক্ষাকবচ বিধান সংযুক্ত করারও দাবি জানায় ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য নীম চন্দ্র ভৌমিক, হিউবার্ট গোমেজ, ভদন্ত সুনন্দ প্রিয় ভিক্ষু প্রমুখ উপস্থিত ছিল।