সংখ্যালঘুদের জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বড় মগড়ার বরাবাড়ী গ্রামে আওয়ামী লীগের এক সমর্থক বেড়িবাঁধের স্লুইসগেট বন্ধ ও শতাধিক হিন্দু পরিবারের জমি দখল করে অবৈধভাবে মাছ চাষ করেছেন বলে অভিযোগ উঠেছে। স্লুইসগেট বন্ধ করায় দুই শতাধিক কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।উপজেলার বাকাল ইউনিয়নের বড় মগড়ার বরাবাড়ী গ্রামে গেলে কৃষক সূর্যকান্ত বাড়ৈ, নিশিকান্ত গাইন, পরিমল বৈরাগীসহ স্থানীয় লোকজন অভিযোগ করেন, মোশারফ ক্ষমতার দাপট দেখিয়ে দুই বছর আগে স্লুইসগেটটি নিজের দখলে নেন। তিনি কৃষকদের স্বার্থে নয়, নিজের স্বার্থে গেটটি ব্যবহার করেন। এ ছাড়া তিনি ওই গ্রামের শতাধিক পরিবারের ৫০ একরের অধিক জমি দখল করে সেখানে বেড়া দিয়ে মাছ চাষ করেছেন। মোশারফ পানি উন্নয়ন বোর্ডের ওই স্লুইসগেট খুলে বোরো মৌসুমে অতিরিক্ত পানি ঢোকানোর কারণে তাঁদের জমির ধানে পচন ধরে। এ ছাড়া মোশারফ এসব জমিতে মাছের পোনা ছাড়ায় তাঁদের ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়।মোশারফ হিন্দু সম্প্রদায়ের জমিতে জোরপূর্বক মাছ চাষ করে প্রতিবছর লাখ লাখ টাকা আয় করছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, এভাবে মাছ চাষে বাধা দেওয়ায় সম্প্রতি মোশারফের ভাড়াটে সন্ত্রাসীরা তিন কৃষককে মারধর করেছে। উপায় না দেখে তাঁরা গত বৃহস্পতিবার আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর বিশ্বাসের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। কৃষক সুকণ্ঠ বালা, নির্মল বালা, তপন গাইনসহ অনেকে বলেন, ‘ইউএনওর কাছে অভিযোগ দেওয়ায় মোশারফ ও তাঁঁর লোকজন আমাদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিচ্ছে। এ কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।’মোশারফ হোসেন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাছ চাষ করেছি, তবে কৃষকদের জমি দখল করিনি।’ উপজেলা কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ বাড়ৈ বলেন, বিষয়টি নিয়ে মৎস্য কর্মকর্তা ও ইউএনওর সঙ্গে আলোচনা করে চাষিদের সুবিধার্থে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ড বরিশালের উপসহকারী প্রকৌশলী আবদুল কাদের বলেন, কৃষকদের স্বার্থে স্লুইসগেট নির্মাণ করা হয়। ব্যক্তিবিশেষের স্বার্থে গেট বন্ধ করে দেওয়া অবৈধ। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।ইউএনও দীপংকর বিশ্বাস লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, যত প্রভাবশালীই হোক কাউকে চাষিদের ফসল নষ্ট কিংবা জোরপূর্বক কারও জমি দখল করে মাছ চাষ করতে দেওয়া যাবে না। এটা বন্ধ করার উদ্যোগ এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।