সংখ্যালঘুদের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন
চট্টগ্রামের উত্তর পতেঙ্গার কাঠগড় ও জেলেপাড়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বসতভিটা দখলের প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করেছেন ওই এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এলাকার প্রভাবশালী লোকজন ও সন্ত্রাসীরা জোর করে তাঁদের বসতঘর ভেঙে দিয়ে সেখানে নিজস্ব স্থাপনা গড়ে তুলছে। মানববন্ধনে বক্তব্য দেন মিল্টন দাশ, কৃষ্ণ জলদাস, প্রিয়নাথ নন্দী, মিঠু দাশ, রতন তালুকদার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, কাঠগড় এলাকায় ভারটেক্স লজিস্টিক নামের একটি প্রতিষ্ঠানের মালিক ইমরান ফাহিম নূর তাঁদের জায়গা দখল করে প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন। এ ব্যাপারে জানতে ভারটেক্স লজিস্টিকের মালিক ইমরান ফাহিম নূরের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, জায়গার সপক্ষে আমাদের দলিলপত্র রয়েছে।’ অপরদিকে জেলেপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ, সন্ত্রাসীরা বাড়ির পুরুষ সদস্যদের অনুপস্থিতিতে এসে তাঁদের ঘরবাড়ি ভেঙে তছনছ করে দিচ্ছে।