সংখ্যালঘুদের দেশত্যাগের কারণ খুঁজতে কমিশন গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ অভিযোগ করেছে, পাকিস্তান আমলের মতো এখনো বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের দেশত্যাগের ধারা অব্যাহত আছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কমে যাওয়ার কারণ খুঁজে বের করতে জাতীয় সংসদের কাছে একটি কমিশন গঠনের দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানায়। সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ১৯৪৭ সালে মোট জনসংখ্যার ২৯ দশমিক ৭ শতাংশ ছিল সংখ্যালঘু, বর্তমানে যা কমে ৯ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। রানা দাশগুপ্ত আরও বলেন, কমিশন কারণ খুঁজে বের করুক এবং সে অনুযায়ী ব্যবস্থা নিলেই এই সমস্যার সমাধান হবে। তিনি বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। এটাই দুঃখের বিষয়। সংখ্যালঘুরা যাতে দেশ ত্যাগ না করে, সে জন্য রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ নেওয়া হোক। এ জন্য সংসদকে দায়িত্ব নিতে হবে।

ঐক্য পরিষদের এই নেতা বলেন, এ বছর ৬ আগস্ট সংবাদ সম্মেলন করে তাঁরা বলেছিলেন, সংখ্যালঘুরা ভালো নেই, শান্তিতে নেই, স্বস্তিতে নেই। তিনি ফেনীর সদর উপজেলায় পাঁচগাছিয়ায় ইউনিয়নের জেলেপাড়ায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর নির্যাতনসহ কয়েকটি ঘটনার উদাহরণ টেনে বলেন, অব্যাহতভাবে ভয়ের সংস্কৃতি সংখ্যালঘুদের ক্রমাগত গ্রাস করে আশাহীন ও আস্থাহীন করে তুলেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংখ্যালঘুদের অস্তিত্ব ও সম-অধিকার-সমমর্যাদার রক্ষার লক্ষ্য নিয়ে আগামী ৪ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়েছে। ওই দিন বেলা একটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে জাতীয় ঐকমত্যের দাবিনামা তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতা নিম চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, সাবিত্রী ভট্টাচার্য, সুব্রত চৌধুরী, পদ্মাবতী দেবী, সাগর হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।