সংখ্যালঘুদের ধানের পালায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্রে যেতে ঠাকুরগাঁওয়ের সংখ্যালঘুদের ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে একই সময়ে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও কান্দরপাড়ার চার সংখ্যালঘু পরিবারের ধানের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সংখ্যালঘুদের মনে ভীতি ছড়িয়ে তাদের ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত রাখতেই দুর্বৃত্তরা এ কাজ করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
এলাকাবাসী জানান, গত শনিবার দিবাগত রাত একটার দিকে ১০-১২ জনের একটি দল ভাতগাঁও কান্দরপাড়ায় পাশাপাশি বসবাসকারী সুরেশ চন্দ্র রায়, ভোটারু রায়, ভারত চন্দ্র ও ধনপতি রায়ের বাড়ির বাইরের ধানের পালায় আগুন দেয়। আগুন দেখে গ্রামবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে চারটি পরিবারেরই ধানের পালা, খড় ও খড় রাখার ঘর সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী আরও জানান, ভাতগাঁও কান্দরপাড়াটি সংখ্যালঘু অধ্যুষিত একটি গ্রাম। এখানে বসবাসকারী সাড়ে ৪০০ পরিবারের মধ্যে সবাই হিন্দু।
গ্রামের বাসিন্দা সত্যেন রায় বলেন, ‘সামনে ভোট। আমরা যেন ভোটকেন্দ্রে না যাই, সে জন্যই ভয় দেখাতে আমাদের ধানের পালায় আগুন দিয়ে পরোক্ষভাবে হুমকি দেওয়া হয়েছে।’
সুরেশ চন্দ্র রায় বলেন, পরিকল্পিতভাবে একই সময়ে চারটি বাড়ির ধানের পালায় আগুন দেওয়া হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ রায় বলেন, বসতবাড়িতে আগুন, হুমকি ও মারধর করে ভোটারের মনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। একই উদ্দেশ্যে সংখ্যালঘুদের ধানের পালায় আগুন দিয়েছে নির্বাচনবিরোধীরা।
পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।