সংখ্যালঘুদের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আরজিও রয়েছে এতে। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।
আসকের আইনজীবী জেড আই খান পান্না প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে। এ অবস্থায় ঘটনা পর্যবেক্ষণ করে রিট আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
নাসিরনগরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, পরিস্থিতি জানতে শুক্রবার সমিতির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যাবে।