সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপদ বসবাস নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। গত বুধবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে তাঁরা এ আহ্বান জানান।

কর্মসূচিতে বক্তারা বলেন, অপরাধীদের বিচার নিশ্চিত না করার কারণে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটে চলছে। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লিতে হামলাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দু ও সাঁওতাল সম্প্রদায়ের মানুষের ওপর হামলা এবং ঘরবাড়ি লুটপাটের ঘটনার প্রতিবাদে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্য ডলার পোপ্যাট এবং দেশটির প্রধান বিরোধী দল লেবার পার্টির এমপি জিম ফিটসপেট্রিক সমাবেশস্থলে হাজির হয়ে বিক্ষোভকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তাঁরা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান।

বিক্ষোভ শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটে একটি স্মারকলিপিও দেওয়া হয়। এতে বাংলাদেশে সাম্প্রতিক সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরা হয়।