সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার গাজীপুরে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়।

সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর সভাপতি রঞ্জন গোস্বামী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক রঘুনাথ সরকার, জেলা শাখার উপদেষ্টা নারায়ণ চন্দ্র দেবনাথ, সহসভাপতি মেঘলাল সরকার, সাংগঠনিক সম্পাদক অজিত কুমার দে, ২০ নম্বর ওয়ার্ডের সভাপতি হরিলাল বর্মণ প্রমুখ।

বক্তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সারা দেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মানববন্ধন শেষে কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়।