সংখ্যালঘুদের নিরাপত্তায় আলাদা মন্ত্রণালয় গঠনসহ ছয় দফা দাবি তুলে ধরেছেন সচেতন হিন্দু সমাজের নেতারা। দাবি আদায় না হলে তাঁরা থানা পর্যায়ে বিক্ষোভ ও ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন। এ ছাড়া সহিংস ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এক মাসের মধ্যে ক্ষতিপূরণের ব্যবস্থা, মন্দির-মঠ পুনর্নির্মাণ, নির্যাতিত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার এবং দেশের সব মন্দিরে সশস্ত্র নিরাপত্তা ও সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক রিপম দাশ।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোকনাথ আশ্রম পরিষদ নেতা তপন চক্রবর্তী, বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম শাখার আহ্বায়ক যিশু কৃষ্ণ রক্ষিত, চট্টেশ্বরী কালীমন্দিরের সেবক বিজয় চক্রবর্তী প্রমুখ। সংবাদ সম্মেলনে রিপম দাশ জানান, গত ২৯ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের রায় ঘোষণার পরপরই সারা দেশে সহিংসতা শুরু করে জামায়াত-শিবির। এ সময়ে তারা চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়াসহ সারা দেশে হিন্দু সম্প্রদায় এবং তাদের মন্দির, ঘরবাড়ি, দোকানপাটে লুটপাট ও অগ্নিসংযোগ, এমনকি হত্যাও করেছে। দুর্বৃত্তদের এ আক্রমণ মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে।