সংখ্যালঘুদের নিরাপত্তায় পদক্ষেপ জানাতে নির্দেশ
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিভিন্ন জেলায় সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠীর ওপর নির্যাতনের ঘটনায় তাদের নিরাপত্তা ও সুরক্ষা দিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সাত দিনের মধ্যে জানাতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই সব ঘটনায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও এই সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে।
একই সঙ্গে শুধু সংশ্লিষ্ট জেলা বা গোষ্ঠীই নয়, বরং সারা দেশে যেখানে সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠী আছে, সেখানে নাগরিকের জীবন, স্বাধীনতা, সম্পত্তি ও মর্যাদা রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ প্রথম আলোসহ সংবাদপত্রে প্রকাশিত তিনটি প্রতিবেদন বিবেচনায় নিয়ে এই নির্দেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত রুল দেন।
আদেশে বলা হয়, আইনজীবীর বক্তব্য শুনে ও প্রকাশিত প্রতিবেদনে প্রতীয়মান হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাগরিকদের মধ্যে, বিশেষত সংখ্যালঘু ও প্রান্তিক গোষ্ঠীর নিরাপত্তা রক্ষায় মারাত্মভাবে ব্যর্থ হয়েছে।
নিবার্চন-পরবর্তী সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রথম আলোয় ৭ জানুয়ারি ‘চাপাতলায় শুধুই কান্না, সংখ্যালঘু গ্রামে হামলা, নিরাপত্তা দাবি, ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত অসংখ্য নারী-পুরুষ’ এবং ১৩ জানুয়ারি ‘চার জেলায় আরও মন্দির-বাড়িতে আগুন, হামলা’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া ১৩ জানুয়ারি ‘আরও ৬ জেলায় ঘর-মন্দিরে আগুন, নাটোরে ছুরিকাঘাতে নিহত এক সংখ্যালঘু’ শিরোনামে আমাদের সময় পত্রিকায় আরেকটি প্রতিবেদন ছাপা হয়।
গতকাল এসব প্রতিবেদন আদালতে উপস্থাপন করে শুনানি করেন আইনজীবী পি সি গুহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়। শুনানির পর আদালত স্বতঃপ্রণোদিত রুল দিয়ে আদেশ দেন।
রুলে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীকে রক্ষায় অবিলম্বে পদক্ষেপ গ্রহণের কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা-ও জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, ঢাকা, নাটোর, যশোর, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, ঝালকাঠি, টাঙ্গাইল, বগুড়া, পিরোজপুর, চাঁদপুর ও নেত্রকোনার জেলা প্রশাসককে দুই সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতের আদেশ তাৎক্ষণিক বিবাদীদের অবহিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ২৬ জানুয়ারি পরবর্তী আদেশের জন্য বিষয়টি কার্যতালিকায় আসবে।