নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিয়েছে। আজ সোমবার নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন শাহ নেওয়াজ।
কাল বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ হবে।
শাহ নেওয়াজ বলেন, যাঁরা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁদের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কমিশন বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তথ্য পেয়েছে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি খুব ভালো। সহিংসতার কোনো আশঙ্কা নেই। আশা করা যাচ্ছে, সুন্দর নির্বাচন হবে। ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোথাও আচরণবিধি লঙ্ঘন হলে তাঁরা ব্যবস্থা নেবেন।
বিএনপি-সমর্থিত প্রার্থীর অভিযোগ
ফেনীর পরশুরাম উপজেলার নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তালেব অভিযোগ করেছেন, ২ ফেব্রুয়ারি সরকারদলীয় প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি ও তাঁর বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন। অন্য আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আবু তালেব আজ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।
লিখিত আবেদনে আবু তালেব বলেন, ঘটনার দিন তাঁর ওপর দুই দফায় আক্রমণ চালানো হলেও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সরকারি গাড়ি ব্যবহার করে সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে কমিশনার শাহ নেওয়াজ বলেন, ‘নির্বাচন কমিশনে সরাসরি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দাখিলের আইনগত কোনো বিধান নেই। তথ্যপ্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা দিতে হবে।