সংখ্যালঘুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা: শাহনেওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেছেন, উপজেলা নির্বাচনে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন শাহনেওয়াজ। কাল বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ৯৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, যাঁরা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন, তাঁদের কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সহিংসতার কোনো আশঙ্কা নেই।
বিএনপি-সমর্থিত প্রার্থীর ওপর হামলা: ফেনীর পরশুরাম উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন, ২ ফেব্রুয়ারি সরকারদলীয় প্রার্থীর সমর্থকদের হামলায় তিনি ও তাঁর বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্য আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আবু তালেব গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।