সরকার মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও বাস্তবে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নানান কায়দায় শোষণ, নির্যাতন ও উচ্ছেদে সহায়তা দিচ্ছে বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। দিনাজপুরের চিরিরবন্দরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বাম মোর্চার সভায় এ অভিযোগ করেন নেতারা।সভায় বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে কয়েক দিন ধরে প্রচারপত্র বিলি করে দুষ্কৃতকারীরা হামলার প্রস্তুতি নেওয়া সত্ত্বেও প্রশাসন ও পুলিশের নীরব ভূমিকা প্রমাণ করে সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। বাম মোর্চার নেতারা হিন্দু সম্প্রদায়ের ৩০টি বাড়িতে অগ্নিসংযোগ, লুটতরাজ ও হামলায় ৫০ জনের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানান। এর প্রতিবাদে কাল ১১ আগস্ট বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।সভায় ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করা হয়। নেতারা বলেন, সরকার শ্রমিকদের বেতন-বোনাস আটকে রাখা মালিকদের রক্ষার জন্য উঠেপড়ে লেগেছে।তোপখানা রোডের মোর্চার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি। এ সময় সাইফুল হক, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন, আবদুস সাত্তার, হামিদুল হক, মহিনউদ্দীন লিটন প্রমুখ বক্তব্য দেন।