নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) পরাজিত আওয়ামী লীগের প্রার্থী মাসুদ রানা ওরফে পাইলট সংবাদ সম্মেলন করেছেন। সৈয়দপুর প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুদ রানা। তিনি অভিযোগ করে বলেন, বিজয়ী স্বতন্ত্র প্রার্থী জুয়েল চৌধুরীসহ তাঁর লোকজন ত্রাসের রাজস্ব কায়েম করেছেন। এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা, বাড়িঘর ও দোকান ভাঙচুর করা হচ্ছে। তাঁদের অপরাধ, নৌকায় ভোট দেওয়া।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আখতার হোসেন, পরিবহন মালিক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।
এ ব্যাপারে জুয়েল বলেন, ‘পরাজিত প্রার্থী মিথ্যাচার করছেন। বরং তাঁদের লোকজনই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আমরা নিরাপদে নেই।’