সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দিরের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, তাদের ঘরবাড়ি ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। একই সঙ্গে ওই হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দির আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব, পুলিশের মহাপরিদর্শক, নোয়াখালীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।আদেশের আগে আদালত উপস্থিত জ্যেষ্ঠ আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু ও মো. খুরশীদ আলম খানের বক্তব্য শোনেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।পরে অমিত তালুকদার প্রথম আলোকে বলেন, আদেশের বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানানো হয়েছে। তাঁরা জানিয়েছেন, মামলা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে পত্রিকায় যাদের নাম এসেছে, তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের খাদ্য সরবরাহ করা হয়েছে। তাদের ঘর নির্মাণের জন্য টিন ও অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।