সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদ
ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বগুড়া, রংপুর, নওগাঁ ও পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও সমাবেশ থেকে অবিলম্বে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক সমাজের ব্যানারে বগুড়ার নাগরিক সমাজ সকালে শহরের সাতমাথা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক, নাট্যজন তৌফিক হাসান, পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির জেলা সমন্বয়ক কৃষ্ণ কমল, কবি আজিজার রহমান, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আমির খসরু প্রমুখ।
রংপুর: বেলা ১১টায় শহরের কাচারি বাজারে মানবাধিকার কমিশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন আইনজীবী হোসনে আরা লুৎফা, রফিকুল ইসলাম, দীপক কুমার সাহা প্রমুখ। একই সময় ‘জাগো রংপুর’ সংগঠনের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।
আদমদীঘি (বগুড়া): সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক মঞ্চ নওগাঁ জেলা কমিটি বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের ব্রিজের মোড়ে মুক্তিযুদ্ধ সঞ্চৃতি ভাস্কর্য চত্বরে মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন নওগাঁর পৌর মেয়র নাজমুল হক, বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন রাজশাহী বিভাগের সমন্বয়কারী শংকর রঞ্জন সাহা প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা): উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে বিকেলে দলীয় নেতা-কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে বাজারের পুরোনো বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।