সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বগুড়া, রংপুর, নওগাঁ ও পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও সমাবেশ থেকে অবিলম্বে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বগুড়া: সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক সমাজের ব্যানারে বগুড়ার নাগরিক সমাজ সকালে শহরের সাতমাথা চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য, সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক এ বি এম জিয়াউল হক, নাট্যজন তৌফিক হাসান, পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটির জেলা সমন্বয়ক কৃষ্ণ কমল, কবি আজিজার রহমান, বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আমির খসরু প্রমুখ।
রংপুর: বেলা ১১টায় শহরের কাচারি বাজারে মানবাধিকার কমিশনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন আইনজীবী হোসনে আরা লুৎফা, রফিকুল ইসলাম, দীপক কুমার সাহা প্রমুখ। একই সময় ‘জাগো রংপুর’ সংগঠনের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন, চিকিৎসক সৈয়দ মামুনুর রহমান, ব্যবসায়ী সমিতির রেজাউল ইসলাম প্রমুখ।
আদমদীঘি (বগুড়া): সাম্প্রদায়িকতাবিরোধী নাগরিক মঞ্চ নওগাঁ জেলা কমিটি বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের ব্রিজের মোড়ে মুক্তিযুদ্ধ সঞ্চৃতি ভাস্কর্য চত্বরে মানববন্ধন করে। এ সময় বক্তব্য দেন নওগাঁর পৌর মেয়র নাজমুল হক, বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন রাজশাহী বিভাগের সমন্বয়কারী শংকর রঞ্জন সাহা, পূজা উদ্যাপন কমিটির বিভাষ চন্দ্র মজুমদার প্রমুখ।
ঈশ্বরদী (পাবনা): উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে বিকেলে দলীয় নেতা-কর্মীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ঈশ্বরদী বাজারের পুরোনো বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।