সংখ্যালঘুদের বাড়িতে হামলা, মন্দির ভাঙচুরে অ্যামনেস্টির উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উপাসনালয়, বাড়িঘর ও দোকানপাট লক্ষ্য করে অব্যাহত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংখ্যালঘু লোকজনের নিরাপত্তায় দ্রুত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামি দলগুলোর ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে সারা দেশে গত সপ্তাহজুড়ে চলা সহিংসতার সময় হামলায় ৪০টির বেশি হিন্দু মন্দিরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়া, এই সম্প্রদায়ের বহু বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়। এতে গৃহহীন হয়েছে শত শত মানুষ। আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে দেশব্যাপী চলতে থাকা ব্যাপক সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে এসব হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। বিজ্ঞপ্তিতে অ্যামনেস্টির বাংলাদেশবিষয়ক গবেষক আব্বাস ফাইজ বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোকেরা, বিশেষত বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে চরম ঝুঁকিতে রয়েছে। এটি খুবই বেদনাদায়ক যে দৃশ্যত কেবল ধর্মীয় পরিচয়ের কারণে এমন হামলার শিকার হচ্ছে তারা। কর্তৃপক্ষকে অবশ্যই তাদের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিতে হবে।আব্বাস ফাইজ আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতায় দেশের সব রাজনৈতিক দলের তীব্র নিন্দা জানানো উচিত। তা ছাড়া, দলগুলোর সব কর্মী ও সমর্থককেও এমন হামলায় অংশ না নিতে নেতাদের নির্দেশ দেওয়া উচিত।