সংখ্যালঘুদের বাড়িতে হামলায় জড়িতদের শাস্তির দাবি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দুটি গ্রামে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যৌথভাবে গতকাল শুক্রবার এই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে গতকাল বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধন করা হয়। এ সময় বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদ দিনাজপুর শাখার সভাপতি ভোলানাথ ব্যানার্জি, সাধারণ সম্পাদক পরিমল চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হুদা প্রমুখ বক্তৃতা করেন।গত ৪ আগস্ট সকালে চিরিরবন্দর উপজেলার বলাইবাজার এলাকায় চলাচলের রাস্তা দখল করে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে রাজাপুর ও মাঝাপাড়া গ্রামের হিন্দু পরিবারের ৩০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।