সংখ্যালঘুদের বিষয়ে নতুন দাবি যুক্ত করল হেফাজত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলাম তাদের ১৩ দফায় ‘সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখার’ বিষয়ে একটি নতুন দাবি যুক্ত করেছে।গণমাধ্যমে গত শনিবার পাঠানো সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর দেওয়া ব্যাখ্যায় নতুন এ দাবি যুক্ত করা হয়। তাতে বলা হয়, ১২ ও ১৩ নম্বর ধারার বক্তব্য কাছাকাছি হওয়ায় দুটিকে একীভূত করা এবং পরিস্থিতির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করে ১৩ নম্বরে নতুন দাবি যুক্ত করা হয়েছে।ওই দুটি ধারায় আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্রদের ওপর হামলা, নির্যাতন ও গণহত্যা বন্ধ করা, গ্রেপ্তার সব আলেম-ওলামা, ছাত্র, ইমাম-খতিব ও তৌহিদি জনতাকে মুক্তিদান, দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুষ্কৃতকারীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ছিল। সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়ে যুক্ত করা দাবির ব্যাখ্যায় বলা হয়, ‘...বাংলাদেশে বহু সম্প্রদায়ের সম্প্রীতিমূলক অবস্থান বিশ্বের অনেকের কাছেই দৃষ্টান্ত হয়ে আছে। এই সুনামকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারী মহল এ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির সহাবস্থানকে কলঙ্কিত করতে উঠেপড়ে লেগেছে। সংখ্যালঘুদের উপাসনালয়ে হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত ও শাস্তিদান, দেশের সংখ্যালঘু সম্প্রদায়সমূহের ন্যায্য অধিকার ও নিরাপদ বসবাস নিশ্চিত এবং সম্প্রীতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সতর্ক দৃষ্টি রাখার দাবি জানাচ্ছি।’৬ এপ্রিল ঢাকায় মহাসমাবেশের পর ১৩ দফা দাবি নিয়ে বিভিন্ন মহল থেকে উত্থাপিত সমালোচনা ও বিতর্কের পরিপ্রেক্ষিতে হেফাজতের পক্ষ থেকে এই ব্যাখ্যা দেওয়া হলো। বিশেষ করে, ১৩ দফার মধ্যে নারীর স্বাধীনতা ও ভাস্কর্য স্থাপনের বিরোধিতার বিষয়ে হেফাজতে ইসলামকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়। তবে, সংগঠনটি ১৩ দফার বিষয়ে দীর্ঘ ব্যাখ্যা দিয়ে এর পক্ষে অবস্থান নেয়।প্রথম দাবি, সংবিধানের মূলনীতিতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করার কথা উল্লেখ করে ব্যাখ্যায় বলা হয়, এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের তৌহিদি জনতার প্রাণের দাবি। দ্বিতীয় দাবি, আল্লাহ, রাসুল (সা.) ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করার বিষয়ে বলা হয়, অনেক দেশে ধর্ম অবমাননার কঠোর শাস্তির বিধান-সংবলিত আইন রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিমপ্রধান দেশে এ আইন সময়ের প্রেক্ষাপটে অপরিহার্য হয়ে পড়েছে। ধর্ম অবমাননার মাধ্যমে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দেশে বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে না পারে, এ বিবেচনায়ও এ ধরনের আইন জরুরি। এ জন্য ইসলামি রাষ্ট্র কিংবা শাসনব্যবস্থা পরিবর্তনের দরকার নেই।সবচেয়ে আলোচিত ও সমালোচিত ৪ নম্বর ধারায় ‘কথিত ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে নারী-পুরুষের সকল প্রকার বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা’ দাবির শেষ অংশে ভাষাগত পরিমার্জন ও নতুন কথা যুক্ত করা হয়। যেমন: ‘অবাধ বিচরণের’ স্থলে ‘অবাধ ও অশালীন মেলামেশা, নারী-নির্যাতন, যৌন হয়রানি, নারীর বিরুদ্ধে সর্বপ্রকার সহিংসতা, যৌতুকপ্রথাসহ যাবতীয় নারী নিবর্তনমূলক ব্যবস্থা কঠোর হাতে দমন করতে হবে’ বলে উল্লেখ করা হয়। এর ব্যাখ্যায় দাবি করা হয়, ‘কেবল সুযোগসন্ধানীরাই এটাকে নারী অবদমন বলে অপপ্রচার চালায়। আমাদের পরিষ্কার কথা, হিজাব বা শালীনতার সঙ্গে নারীদের নিরাপদ পথচলাচল, শিক্ষার্জন ও কর্মক্ষেত্রে যেতে কোনো বাধা নেই। কিন্তু শাহবাগে যে সংস্কৃতির চর্চা চলেছে ও চলছে, তা দেশে চালু হলে নারীদের নিরাপত্তা সর্ব ক্ষেত্রেই বিঘ্ন হবে। নারীসমাজকে ইভ টিজিং, ধর্ষণ ও যৌন হয়রানি থেকে বাঁচিয়ে রেখে সর্বোপরি নারীর নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যেই উপরিউক্ত কর্মকাণ্ড বন্ধ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।’ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন, মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের নামে শিরকি সংস্কৃতিসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করার দাবির ব্যাখ্যায় বলা হয়, ‘আমরা কখনো প্রাণহীন শিল্পকর্মের বিরোধী নই। বরং ইসলাম সৌন্দর্য ও জ্ঞান-উদ্দীপক শিল্পকর্মকে উৎসাহিত করে। কিন্তু ভাস্কর্যের নামে দেশে আবক্ষ নারী-পুরুষ বা জীবজন্তুর মূর্তি তৈরি ও ফুল দিয়ে সেগুলোকে সম্মান প্রদর্শনের রেওয়াজ যে হারে শুরু হয়েছে, তা ৯০ ভাগ মুসলমানের দেশে কাম্য হতে পারে না।’আর মঙ্গলপ্রদীপ ও মোমবাতি প্রজ্বালন অগ্নিপূজক ও পশ্চিমা সংস্কৃতি। কথিত গণজাগরণ মঞ্চ থেকে এটাকে দেশে ঢালাওভাবে প্রচলনের জোর চেষ্টা চলছে। এ ধরনের কার্যক্রম বন্ধের দাবি যৌক্তিক ও বাস্তবসম্মত।