সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘ ইইউকে এগিয়ে আসার আহ্বান
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিপন্নতা থেকে রক্ষার জন্য জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়নসহ (ইইউ) সব আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে এই দুই সংগঠনের নেতা ও কর্মীরা এই আহ্বান জানান। জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বাংলাদেশ সফর উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচি থেকে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার হাত থেকে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগণের নিরাপত্তা বিধানে জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন যেন বিশেষ উদ্যোগ গ্রহণ করে।
কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, রাজনৈতিক এই সহিংস পরিস্থিতির সুযোগে স্বার্থান্বেষী সাম্প্রদায়িক শক্তি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু জনগণের ওপর নির্মম আক্রমণ চালাচ্ছে, সংখ্যালঘুদের মন্দির ভাঙচুর করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, সম্পদ ধ্বংস করছে।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, দেশের এ সংকটময় মুহূর্তে জাতিসংঘ সহকারী মহাসচিবের আগমনকে ইতিবাচক ও আশানুরূপভাবে দেখা হচ্ছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংখ্যালঘু ও আদিবাসী সংগঠনের কর্মীরা নানা দাবিতে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। পরে শোভাযাত্রা করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কর্মসূচি শেষ হয়।