সংখ্যালঘুদের রক্ষায় ঢাকার ওপর ভরসা রাখছে দিল্লি
বাংলাদেশের সংখ্যালঘু লোকজনের স্বার্থরক্ষার বিষয়ে ভারত সে দেশের সরকারের ওপর ভরসা রাখছে। বাংলাদেশ সরকার ভারতকে বারবার জানিয়েছে, সংখ্যালঘু লোকজনের স্বার্থরক্ষার বিষয়কে তারা সব সময় খুব গুরুত্ব দেয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
ভারতীয় একটি প্রতিনিধিদল সম্প্রতি বাংলাদেশে গিয়েছিল সে দেশের হিন্দুধর্মাবলম্বীদের আমন্ত্রণে।
প্রতিনিধিদলে ছিলেন শাসক দলের জাতীয় কর্মসমিতির সদস্য অরুণ হালদার, পশ্চিমবঙ্গ বিজেপির নেতা সুরেশ পূজারী এবং বিজেপির শরিক রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার সাংসদ রামদাস অটোয়াল। তাঁরা বাংলাদেশে সংখ্যালঘু লোকজনের সঙ্গে কথা বলেছেন। এই দলের অভিমত, বাংলাদেশের বহু হিন্দু এখন আর নিজেদের নিরাপদ বোধ করছেন না। তাঁদের মনোবলে চিড় ধরেছে। হিন্দুদের এই ‘বিপন্নতার’ কথা প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও জানাবেন বলে জানিয়েছিলেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই প্রসঙ্গ উঠলে মুখপাত্র বিকাশ স্বরূপ ভারতের অবস্থানের কথা জানান।
বিকাশ স্বরূপ বলেন, এই প্রতিনিধিদলের সফর বা অভিমত সম্পর্কে কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে সংখ্যালঘু লোকজনের প্রতি আক্রমণ বা অত্যাচারের ঘটনা সম্পর্কে সরকার সব সময়ই বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে। তিনি বলেন, ‘অভিজ্ঞতা থেকে বলতে পারি, এ বিষয়ে বাংলাদেশ সব সময় আমাদের আশ্বস্ত করেছে। বলেছে, সংখ্যালঘু লোকজনের স্বার্থের বিষয়টিকে তারা সব সময় খুবই গুরুত্বের সঙ্গে দেখে। এই ধরনের ঘটনা ঘটলেই তারা সময় নষ্ট না করে তদন্ত শুরু করে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়।’
বিজেপির এক সূত্রের মতে, গত দুবছরে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ওপর অত্যাচার অনেকটাই বেড়ে গেছে। এই প্রতিনিধিদলের কাছে সে দেশের সংখ্যালঘু সংগঠনের প্রতিনিধিরা এ কথা জানিয়েছেন। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উত্তরোত্তর ভালো হওয়ার কারণে সরকার বা দল এই বিষয়ে প্রকাশ্যে কোনো চাপ দিচ্ছে না। দল হিসেবে বিজেপি অবশ্য বিষয়টি নিয়ে চিন্তিত। দলীয় নীতি অনুযায়ী, হিন্দুসহ অন্য সংখ্যালঘু নাগরিক যাঁরা ভারতে চলে এসেছেন ও আসতে চাইছেন, সরকার তাঁদের সব রকমের সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে সোনু নামের ভারতীয় যে কিশোরকে বাংলাদেশে পাওয়া গেছে, তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ঢাকা হাইকমিশন থেকে এক কর্মকর্তা যশোরের পুনর্বাসনকেন্দ্রে গিয়ে সোনুর সঙ্গে দেখা করেছেন। সোনু ভালো আছে।