বাংলাদেশের সাধারণ নাগরিক ও বিশেষত সংখ্যালঘুদের সুরক্ষা দিতে পুলিশসহ সরকারি কর্মকর্তারা কখনো কখনো ধীরগতিতে কাজ করেছেন। এ ছাড়া সহিংসতার ঘটনা তদন্তে অনেক সময় তাঁদের অনীহা দেখা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১৪ সালের বৈশ্বিক ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবর ইউএনবির।
বাংলাদেশ সময় গতকাল বুধবার মধ্যরাতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কংগ্রেসে এটি উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্র এ নিয়ে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে ১৭তম প্রতিবেদন প্রকাশ করল।
প্রতিবেদনের বাংলাদেশ অংশের সারমর্মে বলা হয়, সংখ্যালঘু গোষ্ঠী, বিশেষত হিন্দুদের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনা লুটপাটের শিকার হয়েছে। বিশেষ করে ৫ জানুয়ারির নির্বাচনের পর এ ধরনের ঘটনা ঘটেছে।
জাতীয় মানবাধিকার কমিশনকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারির নির্বাচনের পর হিন্দুদের ওপর হামলা রোধে সরকার ব্যর্থ হয়েছে। এ ছাড়া হাইকোর্ট বলেছেন, নির্বাচনোত্তর সহিংসতা থেকে সংখ্যালঘু সম্প্রদায়সহ অসহায় লোকজনকে রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘গুরুতরভাবে’ ব্যর্থ হয়েছে। এতে মালোপাড়া গ্রামসহ বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলার কথা উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সরকার সহিংসতা ও হামলার শিকার মানুষকে সাহায্য করতে এবং ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও ব্যক্তিগত সম্পত্তি সংস্কারে উদ্যোগ নিয়েছে। এতে বলা হয়, সরকারি কর্মকর্তারা বলেছেন, সম্পদ এবং সামর্থ্যের সীমাবদ্ধতার কারণে অনেক সময় তাঁরা সক্রিয়ভাবে এসব ঘটনা প্রতিরোধে আরও বেশি ভূমিকা রাখতে পারেন না।
প্রতিবেদনে আরও বলা হয়, মানবাধিকার সংগঠনগুলোর মতে, সংখ্যালঘু সম্প্রদায়গুলোর বিরুদ্ধে সহিংসতার পেছনে অনেক সময় বাড়তি কিছু কারণও থাকে। ধর্মীয় পরিচয়ই সব সময় এককভাবে দায়ী থাকে না। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের ভাষ্য, অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতাসীন ও বিরোধী দল উভয় পক্ষের সঙ্গে যুক্ত ব৵ক্তিরা সহিংসতার ঘটনা ঘটিয়ে থাকে।