সংখ্যালঘুদের রক্ষায় সরকারের তৎপরতায় ভারত খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নির্বাচনের আগে-পরে সংখ্যালঘুদের ওপর আক্রমণ রুখতে সরকার যে তৎপরতা দেখিয়েছে, ভারত তাতে খুশি। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
মনমোহন বলেন, বাংলাদেশ সরকার ঠিক সময়ে অতি দ্রুত ঠিকঠাক ব্যবস্থা নিয়েছে। এ জন্য নবনির্বাচিত সরকারকে তিনি অভিনন্দন জানান।
তিন দিনের সফরে গত বুধবার ভারতে এসে লোকসভার স্পিকার মীরা কুমারের সঙ্গে বৈঠক করেন শিরীন শারমিন। গতকাল ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আধা ঘণ্টা আলোচনা হয়।
বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সুসম্পর্কের উল্লেখ করে মনমোহন সিং বলেন, ২০১০-১১ সালে দুই দেশের প্রধানমন্ত্রীর পারস্পরিক সফরের মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন। সে জন্য দুদেশের সাংস্কৃতিক সম্পর্কের আরও উন্নতি প্রয়োজন। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কও বাড়ানো দরকার।
স্পিকার শিরীন শারমিন প্রস্তাব দেন, দুদেশের সাংসদদেরও দুই দেশে আরও বেশি করে যাওয়া-আসা প্রয়োজন। পারস্পরিক এই যাতায়াত পরস্পরকে জানতে ও বুঝতে সহায়ক হবে। গণতন্ত্রও শক্তিশালী হবে। মনমোহন এই প্রস্তাবকে স্বাগত জানান।
তিস্তা ও সীমান্ত বিলের ভবিষ্যৎ নিয়ে জানতে চান শিরীন শারমিন। মনমোহন বলেন, এই দুই বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আশা করেন শিগগিরই তা বাস্তাবায়িত হবে। দুদেশের মধ্যে বাণিজ্যিক ঘাটতি কমাতে ব্যবসায়ী ও শিল্পপতিদের আরও অগ্রণী ভূমিকা নেওয়ার প্রয়োজনের ওপরও জোর দেন মনমোহন।
শিরীন শারমিন চৌধুরীর গতকাল রাজ্যসভার বিরোধী নেতা অরুণ জেটলির সঙ্গেও দেখা করার কথা। আজ শুক্রবার তিনি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন।