সংখ্যালঘুদের সম্পত্তি ফিরিয়ে দিতে সরকার আন্তরিক নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অর্পিত সম্পত্তি সংখ্যালঘুদের ফিরিয়ে দিতে সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পত্তিসংক্রান্ত বিষয়ে সরকারিভাবে বঞ্চনার শিকার হচ্ছে বলে জানিয়েছে ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠী। তবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের নিরাপত্তায় সরকার গৃহীত নিরাপত্তাব্যবস্থার প্রশংসা করা হয়েছে প্রতিবেদনে।
‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা-বিষয়ক প্রতিবেদন-২০১৫’ গত বুধবার কংগ্রেসে দাখিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার আগে দেশের হিন্দুদের শত্রু আখ্যা দিয়ে তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হয়। এসব সম্পত্তি সংখ্যালঘুদের ফিরিয়ে দিতে ২০১১ সালে তৈরি আইনের পরিপ্রেক্ষিতে ১০ লাখেরও বেশি মামলা ঝুলে রয়েছে। কিন্তু একটি মামলারও আইনি সুরাহার ব্যবস্থা করেনি সরকার।
এ বিষয়ে জানতে চাইলে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সরকারের নিষ্ক্রিয়তার যে অভিযোগ করা হয়েছে তা ‘ভিত্তিহীন’। অর্পিত সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। এটি একটি বড় কাজ। আমরা বিষয়টির স্থায়ী সমাধান চাই। কিছু ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, তবে আমরা আন্তরিক নই, এ অভিযোগ ঠিক নয়।’
তবে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের নেতৃত্বদানকারী সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রতিবেদনে দেওয়া তথ্য ‘অসত্য নয়’ বলে মন্তব্য করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকায় দেড় লাখের বেশি মামলা ছিল। সেগুলো এখনো সুরাহা হয়নি। ‘খ’ তালিকা বাতিলের আগে আট লাখেরও বেশি আবেদন পড়েছিল। ‘খ’ তালিকা বাতিল হয়েছে বটে, তবে মানুষ সম্পত্তিতে তার অধিকার পায়নি।
ধর্মীয় উৎসবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানের নিরাপত্তায় সন্ত্রাসী তৎপরতার রুখতে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছে বলে মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়। বলা হয়, ২০১৫ সালে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা, আহত এবং তাদের সম্পত্তি ধ্বংস করার মতো তৎপরতা অব্যাহত ছিল। চাকরি ও বাসস্থানের ক্ষেত্রে সংখ্যালঘুরা নানা বঞ্চনার শিকার হয়েছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ছয়টি পৃথক ঘটনায় পাঁচজন ব্লগার ও প্রকাশক নিহত হন। এঁদের মধ্যে আছেন চারজন ব্লগার অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস ও নিলাদ্রী চ্যাটার্জি নিলয়। এ ছাড়া প্রকাশক ফয়সল আরেফিন দীপনের নিহত হওয়ার ঘটনাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এই পাঁচজনের হত্যায় আল-কায়েদা ভারতীয় উপমহাদেশ-সংশ্লিষ্ট (একিউআইএস) সংগঠনের দায় স্বীকারের বিষয়টিও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
প্রতিবেদনে গত বছরের ২৪ অক্টোবর আশুরার সময় শিয়া সম্প্রদায়ের ওপর হামলাসহ ওই সম্প্রদায়ের ওপর একাধিক হামলা ও নভেম্বরে ইতালীয় ধর্মযাজকের ওপর হামলার ঘটনাও তুলে ধরা হয়।
প্রতিবেদনে বলা হয়, মুসলিমদের ধর্মান্তরিত করার চেষ্টা হচ্ছে, এমন ধারণায় কিছু সরকারি কর্মকর্তা ধর্মীয় বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড সীমিত করেছেন।