সংখ্যালঘুদের সুরক্ষায় সরকারের জোরালো ভূমিকা দরকার: এমএসএফ
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বলেছে, ধর্মীয় সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের ওপর বিভিন্নভাবে যে হয়রানিমূলক আচরণ করা হচ্ছে, তা সাংবিধানিক অধিকারের পরিপন্থী। ধর্মীয় সংখ্যালঘু ও হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সরকারের আরও জোরালো ভূমিকা দরকার।
চলতি জুন মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদনে এ কথা বলেছে মানবাধিকার সংগঠনটি। গণমাধ্যমের প্রতিবেদন এবং নিজেদের তথ্যানুসন্ধানের মাধ্যমে এমএসএফ এ প্রতিবেদন তৈরি করে।
এমএসএফের তথ্য অনুযায়ী, এ মাসে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে প্রতিবেদনে বিশেষভাবে নড়াইলের শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনা তুলে ধরা হয়। এতে তিনটি পাড়ার ৩৬টি ম্রো ও ত্রিপুরা পরিবার খাদ্যসংকটে পড়ে।
প্রতিবেদনে বলা হয়, এ মাসে বান্দরবানের লামার লাংকমপাড়া, জয়চন্দ্রপাড়া ও রেংয়েনপাড়াবাসীর ৪০০ একর জুমচাষের বনাঞ্চল থেকে ৩৫০ একর পুড়িয়ে দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন প্রবলভাবে সমালোচিত হওয়া সত্ত্বেও এ আইনে মামলার নামে হয়রানি কমেনি। বরং এর যথেচ্ছ অপব্যবহারের বিষয়টি এ মাসে নতুন মাত্রার ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। এ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে ১১টি মামলা হয়েছে, যেখানে ২৩ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় ২ জন সাংবাদিকসহ গ্রেপ্তার হয়েছেন ১১ জন।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়, জনগণের তথ্য পাওয়ার অধিকার রক্ষায় সাংবাদিকেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। কিন্তু সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়; বরং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। জুন মাসে দুজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হামলায় আহত হয়েছেন পাঁচজন সাংবাদিক, পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত ও লাঞ্ছিত হয়েছেন তিনজন সাংবাদিক।
প্রতিবেদনে বলা হয়, এ মাসে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার, সাংবাদিকতা এবং মতামত প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার বেশ কিছু ঘটনা ঘটেছে। অপর দিকে গণপিটুনির মতো আইন হাতে তুলে নেওয়ার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুদের প্রতি সহিংসতা, ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, যৌন হয়রানি, নির্যাতন এবং হত্যার মতো ঘটনা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতন ও হয়রানি, কারা হেফাজতে মৃত্যু বেড়েছে ও সীমান্তে হতাহতের মতো ঘটনাও বন্ধ হয়নি।