সংখ্যালঘুদের স্বার্থবিরোধী আইন হবে না: গওহর রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গওহর রিজভী
গওহর রিজভী

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১-এর জনস্বার্থবিরোধী সব সংশোধনী বাতিলের দাবিতে আয়োজিত এক নাগরিক মতবিনিময় সভায় সংখ্যালঘুদের স্বার্থবিরোধী কোনো আইন হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরে না এলে এই সম্পত্তির প্রত্যর্পণ-প্রক্রিয়া যে ঝুলে যাবে, তার দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরা নিরাশ হলে আমাদের কারও জন্য তা ভালো হবে না।’ নয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল’ গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে। একটি কাজ শেষ না হতেই নতুন কাজ এসে যায় আর এভাবে মনোযোগ সরে যাওয়ায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ-প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে মত দেন গওহর রিজভী। উল্লেখ্য, সম্প্রতি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের সংশোধনী পাস হয়েছে।

আলোচনায় প্রবীণ আইনজীবী আমীর-উল ইসলাম বলেন, ‘পাকিস্তান আমলে জনসংখ্যাতাত্ত্বিক পরিবর্তন আনার জন্য সেই সময়ের সামরিক জান্তা শত্রু সম্পত্তি আইন করেছিল। আমরা এখনো পাকিস্তানের সামরিক জান্তার ষড়যন্ত্রের উত্তরাধিকার বহন করে চলেছি।’ ১৯৭৪ সালে অর্পিত সম্পত্তি আইনে সম্পত্তির বিলি-বণ্টন বা নিষ্পত্তির যে বিধান ছিল, সেই অনুযায়ী এই আইন প্রণয়নের দাবি জানান তিনি। এরপর যেসব সম্পত্তি অর্পিত তালিকাভুক্ত করা হয়েছে, তা বাতিলের দাবি করেন আমীর-উল ইসলাম। 

সভার সভাপ্রধান আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল অর্পিত সম্পত্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলে মন্তব্য করেন। ক্ষমতাসীন দলকে উদ্দেশ করে তিনি বলেন, যদি এ দেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে রাজনীতি করতে হয়, তবে সততার পরিচয় দিতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি দাবি করে শুধু মন ভোলানো কথা বললে হবে না।

চার সিটি করপোরেশন নির্বাচনে ধর্মীয় কার্ড ব্যবহার করে বিজয় এসেছে—এ ধারণার বিপক্ষে সুলতানা কামাল বলেন, ‘তাহলে আমাদের আত্মপরাজয়ের গ্লানি মেনে নিতে হবে। প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদারদের নিজেদের অস্বচ্ছতা, অসততার জন্যই এই পরাজয় হয়েছে।’

আলোচনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, একটি সম্প্রদায়কে তাদের অধিকারবঞ্চিত রেখে সমাজ কখনো মুক্ত হতে পারে না।

সভায় আট দফা ঘোষণাপত্র পাঠ করেন কাজল দেবনাথ। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিমল বিশ্বাস, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) উপদেষ্টা এস এম রেজাউল করিম প্রমুখ।