গোলটেবিল বৈঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় রাষ্ট্র ও নাগরিক সমাজ চরমভাবে ব্যর্থ
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ভবিষ্যতে দেশে আরও বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটবে ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন বাড়বে। নিজের কাছে তথ্য আছে—এমন দাবি করে তিনি বলেন, এখন পর্যন্ত যা ঘটেছে তা অনুশীলন মাত্র। আসল ঘটনা এখনো ঘটতে বাকি।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, ২০ বছর পর এ দেশে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ থাকবে না। হিন্দুদের অভয় দেওয়ার ক্ষেত্রে, স্বার্থরক্ষার ক্ষেত্রে রাষ্ট্র ও নাগরিক সমাজ চরমভাবে ব্যর্থ হয়েছে।দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বর্বর হামলা ও নির্যাতনের বিষয়ে করণীয় নির্ধারণে এই বৈঠকের আয়োজন করে নাগরিক সংগঠন সম্প্রীতি মঞ্চ। সভায় টাঙানো ব্যানারে লেখা ছিল ‘আসুন সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ করি’। বেঠকে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একাধিকবার সংবাদমাধ্যমকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ জানান। যারা তাণ্ডবের ডাক দিচ্ছে, তারাই তাণ্ডবের শিকার মানুষকে বুকে জড়িয়ে ধরছে—এ কথা উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, কেন ইতিবাচকভাবে সেই ছবি গণমাধ্যমে উপস্থাপন করা হবে? তিনি অভিযোগ করেন, বিপণনের জন্য সংবাদমাধ্যম নিরপেক্ষতার কথা বলছে। বিএনপির দোষ বলতে গিয়ে আওয়ামী লীগের দোষ খুঁজে বের করতেই হবে। এই ধরনের নিরপেক্ষতার বেড়াজাল থেকে সংবাদমাধ্যমকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। শুরুতে সম্প্রীতি মঞ্চের সভাপতি অধ্যাপক অজয় রায় বলেন, ‘গত কয়েক মাসে বিশেষ করে ফেব্রুয়ারি-মার্চ মাসে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন সারা দেশে জ্যামিতিক হারে বেড়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকা থেকে সামর্থ্যবান হিন্দু পরিবারগুলো প্রতিবেশী রাষ্ট্রে পাড়ি জমাচ্ছে, অন্যান্যরা আতঙ্কে দিন কাটাচ্ছে।’ তিনি বলেন, সম্প্রীতি মঞ্চ এখন সার্বক্ষণিকভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা পর্যবেক্ষণ করছে ও তথ্য সংগ্রহ করছে।সভায় করণীয় সম্পর্কে কিছু সুপারিশ করা হয়। এর মধ্যে আছে দেশের বিভিন্ন এলাকায় প্রগতিশীল ও সব ধর্মের মানুষের সমন্বয়ে নাগরিক মঞ্চ গড়ে তোলা, অচিরেই ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা, দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, জনপ্রতিনিধি বিশেষ করে সাংসদদের ঘটনার শিকার মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ করা, ২০০১ সালের নির্বাচনের পর সংখ্যালঘু নির্যতনের ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিশনের সুপারিশ বাস্তবায়ন, সম্ভাব্য ঘটনা মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি নেওয়া, সংখ্যালঘু নারী নির্যাতনের ঘটনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা, আইন করে জামায়াত নিষিদ্ধ করা, নির্যাতনকারীদের তালিকা তৈরি করা ইত্যাদি।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমান পরিস্থিতি শুধু ভয়াবহই নয়, ভিন্নতর বিপদেরও ইঙ্গিত দেয়। বিএনপিকে জামায়াতের প্রশ্নে ছাড় দিতে হবে; আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে ছাড় দিতে হবে।সিপিবির প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো বলেন, বিদ্যমান পরিস্থিতি সামাল দিতে রাষ্ট্রকে সর্বোচ্চ শক্তি নিয়ে নামতে হবে।প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণে সামাজিক কারণের পাশাপাশি রাজনৈতিক কারণ যুক্ত হয়েছে। একটি নির্বাচিত সরকার থাকা অবস্থায় এই পরিস্থিতি চলতে থাকলে মানুষ ভরসা করবে কার ওপর। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রত্যেক এলাকায় নাগরিক সম্প্রীতি মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হেলালউদ্দিন খান আরেফিন, এ কে এম গোলাম রাব্বানী ও সৌরভ সিকদার, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাহফুজা খানম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর এবং উন্নয়ন কর্মী জ্যোতি চট্টোপাধ্যায়।